রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের জন্য মুক্তা বেগম নামে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মুক্তা একই উপজেলার আলবিদিতর গ্রামের আজিজুল ইসলামের মেয়ে ও কোলকোন্দ ঘনোটারি গ্রামের নুরুজ্জামানের স্ত্রী। রবিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘনোটারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আল আমিন বলেন, দীর্ঘদিন ধরেই মুক্তাকে তার স্বামী যৌতুকের জন্য বিভিন্ন চাপ দিয়ে আসছিল। বোনের শান্তির জন্য আমি টাকা দেই। তারপরও সে আমার বোনের ওপর সব সময় নির্যাতন করতো।
আরও পড়ুন : ডিএমপির তিন থানার ওসি রদবদল
তিনি আরো বলেন, দ্বিতীয় বিয়ের কথা জেনে যাওয়ায় নুরুজ্জামান মুক্তাকে খুন করেছে। আমার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। পরে ঘরের দরজায় তালা দিয়ে নুরুজ্জামান পালিয়ে গেছে। আমার বোন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলো। আমি আমার বোন হত্যার বিচার চাই।
গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গ্রামবাসীর সহযোগিতায় মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/কেআই
