শেয়ার বাজারে সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেনও

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:০০

দেশের শেয়ার বাজারে গতকাল বুধবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। ফলে কিছুটা হলেও যেন স্বস্তিতে বিনিয়োগকারীরা। কারণ, গত কিছুদিনে সূচক ও লেনদেন কমতে কমতে শেয়ার বাজার একদম তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে লোকসানে টিকতে না পেরে অনেক বিনিয়োগকারী বাজার ছেড়ে গেছেন।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন পাওয়ায় শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া, ঈদের পর বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে।

গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই বাজারে সূচক বেড়েছে। সংশ্লিষ্টরা বলেন, বাজার এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে না দাঁড়িয়ে উপায় নেই। কারণ, অনেক ভালো শেয়ারের দর এখন তলানিতে এসে ঠেকেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৪০৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৪টির দর। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৮৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০২.৭২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫.৮৩ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫৬ লাখ টাকা।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে  লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: ইউনিলিভার কনজ্যুমার, ক্যাপটিভ গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং রবি।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে  ৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে  ৩৯টির দর। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪৫ কোটি ৭৯ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম