ভারতের ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়েছিলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। ভারতের এই এমপির দিল্লির বাড়িতে গতকাল ভারত ও ইসরায়েলির পতাকা সম্বলিত পোস্টার সাঁটিয়েছেন দুর্বৃত্তরা। সেইসঙ্গে তার বাড়ির নেমপ্লেটও কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও শেয়ার করেছেন ওয়াইসি।
ওই ভিডিও পোস্টে তিনি লেখেন, আজকে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত কালো কালি দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার দিল্লির বাসভবনকে যে কতবার টার্গেট করা হয়েছে তা এখন আমি আর বলতে পারব না।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করে ওয়াইসি আরও লেখেন, অমিত শাহ, এটা আপনার তত্ত্বাবধানে হচ্ছে। ওম বিড়লা, দয়া করে আমাদের বলুন এমপিদের নিরাপত্তা নিশ্চিত হবে কি না।
সম্প্রতি হায়দরাবাদের এমআইএম নেতা আসাদ্দুদিন ওয়েইসি আজ শপথের শেষে ‘জয় ভীম’, ‘জয় তেলঙ্গানা’ বলার পরে ‘জয় ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এই স্লোগান নিয়ে আপত্তি তোলেন বিজেপির সংসদ সদস্যরা। সেই সময়ে স্পিকারের দায়িত্বে থাকা রাধামোহন সিং জানান, ওই বক্তব্য নথিবদ্ধ করা হবে না।
