মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী। আজ শুক্রবার বিকেলে আকস্মিক পরিদর্শনে আসেন তিনি।
এ সময় চিফ হুইপ বলেন, আশ্রায়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা অতিথি তাদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা খোঁজ রাখেন কিনা তা দেখতে এসেছি। তিনি আরও বলেন, আমরা এমনভাবে আশ্রয়ণ প্রকল্প স্থাপন করেছি। যেখানে থাকার ব্যবস্থার সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী ছেলে-মেয়েরা যেন শিক্ষার আওতায় আসে সেভাবে এগুলো নির্মাণ করা হয়েছে।
পুরো সময়জুড়ে ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন নূর-ই-আলম চৌধুরী লিটন। সেইসঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা তাদের ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন কি না জানতে চান। উত্তরে বাসিন্দারা রাস্তা, পানি নিষ্কাসনে ড্রেন নির্মাণ, টিউবওয়েলের পানির সমস্যার কথা জানান।
চিফ হুইপ তাৎক্ষনিক-ভাবে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাদবরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মুন্সি প্রমুখ ছিলেন।
