নাগরিক শোকসভায় বক্তারা

দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন অধ্যাপক হুমায়ুন কবির হিরু

আপডেট : ২৯ জুন ২০২৪, ২২:০৩

‘বীর মুক্তিযোদ্ধা, জাসদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিক। তিনি এমন একজন মানুষ ছিলেন, যার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তার মৃত্যুতে দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমান রাজনৈতিক সংকটে তার বিশেষ প্রয়োজন মনে করছে জাতি।’

শনিবার (২৯ জুন) বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র উদ্যোগে অধ্যাপক হুমায়ুন কবির হিরুর নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। এ ছাড়া নাগরিক সভায় দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী।

জাতীয় সংসদে উত্থাপিত শোক প্রস্তাব ও অধ্যাপক হুমায়ুন কবির হিরুর জীবনী পাঠ করেন বরিশাল বিভাগ সমিতির সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার।

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র উপদেষ্টা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাবেক সিনিয়র সচিব ও বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সিনিয়র সহসভাপতি মুশফেকা ইকফাৎ, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনিছুজ্জামান, বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুছ ছোবহান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বেতাগি পৌর মেয়র গোলাম কবির, বেতাগি উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাফিজুর রহমান পান্না, শ্রমিক নেতা শামসুদ্দিন আজাদ, মুক্তিযোদ্ধা সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মরহুম অধ্যাপক হুমায়ূন কবির হিরুর জ্যেষ্ঠ কন্যা ডেইজি কবির, বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি শরীর সারওয়ার আশা, বেতাগী উপজেলা কল্যাণ সমিতির কার্যকারী সভাপতি মো. হেলাল মিয়া, বরিশাল বিভাগ সমিতির সহসভাপতি আবুল কাশেম, বেতাগী উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ড. সুলতান আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব আবদুল হক মিয়া, জাতীয় তরুণ সংঘের সভাপতি মো. ফজলুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন তালুকদারসহ অনেকে। 

শোকসভায় সঞ্চালনা করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। অধ্যাপক হুমায়ুন কবির হিরু গত ১৭ মে মারা যান।
 
বক্তারা বলেন, অধ্যাপক হুমায়ুন কবির হিরু শাসকের অন্যায় ও অন্যায্য রক্তচক্ষুকে উপেক্ষা করে ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রচেষ্টায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও লোভ-লালসার ঊর্ধ্বে ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও গণমানুষের প্রতি দেওয়া অঙ্গীকার বিচ্যূত হননি। মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাঁথা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। 

ইত্তেফাক/পিও