ফুটবল উন্নয়নে অর্থ দরকার

জাতীয় সংসদে কেউ বলছে না

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৩৮

রাজধানীর পাঁচ তারকা হোটেলে দুপুরেই শেষ হয়ে যায় বাফুফের বার্ষিক সাধারণ সভা। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহসভাপতি কাজী নাবিল এমপি, সহসভাপতি ইমরুল হাসান, সদস্য ইলিয়াস, নুরুল ইসলাম নুরু, মাহফুজা আক্তার কিরণ, আমের খান, জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, ইমতিয়াজ সবুজ, সত্যজিৎ দাস রূপুসহ অনেকেই সংবাদ সম্মেলনে এলেন। এজিএমে কী হয়েছে—তা জানাতে সভাপতি কাজী সালাহউদ্দিন প্রথুমেই কথা বললেন। 

প্রসঙ্গ উঠল নারী ফুটবলে চার ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার বিষয়টি। হাউস অনুমোদন দিয়েছে। এবারের লিগের ৪ শীর্ষ ক্লাব কাউন্সিলরশিপ পেয়েছে। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। কাউন্সিলরশিপ দেওয়া নিয়ে তর্ক রয়েছে। তারপরও সবার সম্মতিতেই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, নতুন চার কাউন্সিলর ভোট দিতে পারবেন আর একই প্রসঙ্গে সালাম মুর্শেদী বললেন, ‘সামনে যে ভোট আছে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন কি না, সেটা আমি ক্লিয়ারললি বলতে পারব না।’ 

এরপরই কাজী নাবিল মাইক্রোফোনে জানান আজকে যেসব সিদ্ধান্ত নিয়েছি সেটা লাস্ট ডিসিশন।’ নাবিলের কথা পরিষ্কার—নারী চার ক্লাব ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নাবিলের বক্তব্য শেষ হতেই আবার মাইক্রোফন তুলে নিয়ে সালাম মুর্শেদী এবার বললেন, ‘আমার কলিগ নাবিল যেটি বলেছেন সেটি সঠিক। তারা (চার ক্লাব) আগামী যে নির্বাচন আসবে সে নির্বাচনে ভোট দিতে পারবে।’ 

নাবিল আবারও কাউন্সিলরশিপের বিষয় তুলে বলেন, ‘এখন যেসব ক্লাব কাউন্সিলর হয়েছে তাদের দেখে আগামীতে আরও ক্লাব আসবে। এটা করা হয়েছে ক্লাবগুলোকে আগ্রহ সৃষ্টি করার জন্য। হয়েছে, আগামীতে অন্যান্য ক্লাব আসবে। যেন আরও বেশি পার্টিসিপেশন হয়।’ এই কর্মকর্তারা মনে করছেন নারী ফুটবল লিগে বড় ক্লাব আসছে না। কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে এটা দেখেও আগামীতে দেশের বড় ক্লাবগুলো নারী লিগে এগিয়ে আসতে পারে।’ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও বললেন, ‘এটার জন্যই নতুন কাউন্সিলর করা হয়েছে।’

২০২৪ সালের জন্য ৩১ কোটি ৪৯ লাখ টাকা বাজেট আর ঘাটতি থাকে ২২ কোটি ২০ লাখ টাকা। সালাম বলেন, ‘বাজেটে ঘাটতি থাকবে। আমরা পৃষ্ঠপোষককে সঙ্গে নেব, আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও সাপোর্ট পাব ইনশাআল্লাহ।’ কাজী নাবিলের কাছে প্রশ্ন ছিল তারা জাতীয় সংসদের সদস্য, আইনপ্রণেতা। তারা সংসদ অধিবেশনে আলোচনায় বাফুফের জন্য টাকা চাওয়া হয়েছিল কি না। নাবিল নিচু স্বরে বললেন, ‘এটা এখানকার বিষয় না।’ সালাম মুর্শেদী বললেন, ‘সংসদে উঠাইনি। তবে সংসদীয় যুব ক্রীড়া কমিটিতে আর্থিক ব্যাপারে কথা বলেছি। সভাপতি আমাদেরকে সাপোর্ট দেবেন বলে আশ্বস্ত করেছেন।’

ইত্তেফাক/জেডএইচ