বেনজীরের গুলশানের ৪ ফ্ল্যাটে ঢুকতে প্রশাসক নিয়োগ

আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:০৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের গুলশানের চারটি ফ্ল্যাট দেখাশোনার জন্য একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রোববার (৩০ জুন) এই আদেশ দেন।

এর আগে গত ২৭ মে ওই চারটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়। পরে ৪ জুন ফ্ল্যাট দেখভালের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগ দেওয়ার নির্দেশ দেন একই আদালত। 

ওই আদেশের পর চারটি ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। এ কারণে সেখানে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করে দুদক। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।   

ইত্তেফাক/ডিডি