মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে চেক হস্তান্তর 

আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:২৫

মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত-নিহত পরিবার বর্গের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে ও মাদারীপুর বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. নুরুল হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত আহত/নিহত পরিবারবর্গের হাতে ৩১ লাখ টাকার চেক তুলে দেন মাদারীপুর-২ আসনের ৮ বারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। 

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানিয়া ফেরদৌস, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসিবুর রহমান খান, মাদারীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. শামসুদ্দীন আহমেদ, মো. আমির হোসেন, মেকানিক্যাল এসিস্ট্যান্ট মো. আব্দুল আলিম ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সড়ক পরিবহন শ্রমিক নেতারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যাক্তি পাবে ১ লক্ষ টাকা ও নিহত ব্যাক্তির পরিবার পাবে ৫ লক্ষ টাকা। তিনি আরও বলেন, দুর্ঘটনা হওয়ার ১ মাসের মধ্যে আবেদন করতে হবে, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার টিটিসি, যুব উন্নয়ন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে।

মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. নুরুল হোসেন বলেন, মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত/নিহত পরিবারের হাতে মোট ৩১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । এর মধ্যে নিহত ৬ জন পরিবারের হাতে ৫ লাখ করে মোট ৩০ লাখ টাকার চেক ও আহত ১ জন পরিবারের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ।

ইত্তেফাক/পিও