এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতের ম্যাচটিকে বারুদেই বলতে হবে। কারণ এক ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন সাতজন, লালকার্ড একজন, পেনাল্টি দেয়া হয়েছে দুটি। যে কারণে আর্সেনালের বিপক্ষে শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেলতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। আর এমন ম্যাচে আর্সেনাল জয় পেয়েছে ৪-২ গোলে।
এতে টানা ১৯ ম্যাচ অপরাজিত রয়েছে গানার্সরা। ১৪ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন চতুর্থ স্থানে। শীর্ষে থাকা ম্যানসিটি থেকে দলটি পিছিয়ে রয়েছে ৮ পয়েন্টে।
ম্যাচের প্রথমার্ধেই দু’দল একটি করে পেনাল্টি পায়। খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে অবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩০ মিনিটে দিয়ের খেলায় সমতা ফেরান। চার মিনিটে পেনাল্টি থেকে হ্যারিকেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
তবে বিরতি ভেঙে মাঠে ফেরার পর আধিপত্য বিস্তার করে আর্সেনাল। ৫৬ মিনিটে অবামেয়াংয়ের গোলে সমতায় ফেলে আর্সেনাল। ৭৪ মিনিটে ল্যাকেজেত ও ৭৭ মিনিটে তোরেইরা আরেক গোল করে আর্সেনালকে ৪-২ গোলের জয় এনে দেন। ৮৫ মিনিটে ভারটংহেন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়েই খেলা শেষ করতে হয় টটেনহ্যামকে।
ইত্তেফাক/কেআই
