দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আবার ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। তবে লেনদেন কমলেও গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
বাজার-সংশ্লিষ্টরা বলেছেন, সদ্য পাশ হওয়া চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় (ক্যাপিটাল গেইন) কর আরোপ করায় শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে বাজারের অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় মূলধনী মুনাফায় কর আরোপ বিনিয়োগকারীদের ওপর বোঝা হয়ে চেপেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যায়। এতে মূল্যসূচকের ওপর নেচিবাচক প্রভাব পড়ে। প্রধান সূচকটি ২৯ পয়েন্ট কমে যায়। পরে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪০ পয়েন্টে উঠে এসেছে। অন্য দুই
সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দুই পয়েন্ট কমে ১ হাজার ১৭৭.৭৪ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪.৬৩ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসইতে লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল এই বাজারে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৭২ কোটি ৫ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: বিচ হ্যাচারি, স্যালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফারইস্ট নিটিং এবং জেমিনি সি ফুড।
অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৮২টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে পাঁচ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬২৪ কোটি ৩০ লাখ টাকা।
