কোটা বিরোধী আন্দোলনের নামে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে হাবিপ্রবি ছাত্রলীগ 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৪:৪৯

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোটা বিরোধী আন্দোলনের নামে দেশ ও  ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি শাখা ছাত্রলীগ। 

বুধবার (৩ জুলাই) বেলা ১২ টায় হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসাইন আকাশ ও সাধারণ সম্পাদক এম. এম. মাসুদ রানা মিঠু'র নেতৃত্বে উক্ত মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে হাবিপ্রবি ছাত্রলীগ।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন ও ডিভিএম গেইট হয়ে ক্যাম্পাস সংলগ্ন বাঁশেরহাট এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে মিছিল সমাপ্ত হয় এবং মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

বক্তব্যে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসাইন আকাশ বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একটি মহল কোটাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। কোটাকে কেন্দ্র করে যাতে কোন অপশক্তি শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। তারই প্রেক্ষিতে আজকের এই মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা  বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন সেই প্রত্যয়ে ব্যাঘাত ঘটানোর জন্যই বিএনপি- জামায়াতের দোষরদের ইন্ধনে বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা পুনর্বহালের বিপক্ষে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে । বিএনপি-জামায়াতের দোষরদের এই অরাজকতা রুখে দিতে হাবিপ্রবি ছাত্রলীগ সব সময় মাঠে ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের জন্য সবসময় ভালো কিছু চিন্তা করেন। কোটার বিষয়ে তরুণ প্রজন্মের জন্য যেই সিদ্ধান্ত ভালো হবে উনি সেই সিদ্ধান্তই নেবেন। আর আমরা প্রধানমন্ত্রী এবং বিজ্ঞ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

ইত্তেফাক/এআই