টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়করণে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিঘাত সহনশীলতা ও অভিযোজন-সক্ষমতা বৃদ্ধিকল্পে মাদারীপুর জেলার প্রান্তিক কৃষকদের মাঝে বর্ষা মৌসুমে রাসেল ভাইপারসহ অন্যান্য সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য গামবুট বিতরণ করা হয়েছে ।
বুধবার (৩ জুলাই) সকালে মাদারীপুর সদর ও ডাসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গামবুট বিতরণ করা হয়।
সকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন এর নেতৃত্বে কর্মকর্তারা প্রথমে সদর উপজেলার মঠেরবাজার ধান ক্ষেতের মধ্যে এবং পরে একই উপজেলার কুলপদ্মী ধান ক্ষেতে গিয়ে গামবুট বিতরণ করেন। এতে ওইসব এলাকার কৃষকরা উপকৃত হয়েছেন বলে জানান প্রান্তিক চাষি কালাম মাদবর, মোসলেম সরদারসহ উপকার ভোগীরা।
এ সময় মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসার দীপ্তি রাণী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানসহ ওই দুই এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজের নেতৃত্বে উপজেলার গোপালপুর, বালিগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম ও ডাসার ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে কৃষকের মাঝে এ গাম বুট বিতরণ করা হয়।
