নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হল থেকে মোবাইল, নকলের চিরকুট ও গাজার পুরিয়াসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে আটক হয়েছে তিন পরিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেন। এদের মধ্যে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের এক শিক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট।
কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, এইচএসসি পরীক্ষার হলে শ্রাবন মোল্লা নামের পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে। তাকে মাদক আইনে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাইদ ও তরিকুল ইসলাম নামে দুই পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে নকলের চিরকুট, মোবাইল নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও একজনকে গাজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।
