এখনই বাড়ি ফিরতে চাননি মার্টিনেজ 

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:৪১

বেশ বড় ধাক্কা থেকে বেঁচে গেছে আর্জেন্টিনা। একটু পা হড়কালেই কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হতো বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মিনিটে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার জন্য আরও একবার ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

টাইব্রেকারে পরপর দুটি অবিশ্বাস্য সেভে দলকে রক্ষা করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্টিনেজ জানান এখনই বাড়ি যেতে চাননি তিনি।

শেষ চার নিশ্চিতের পর মিক্সড জোনে মার্টিনেজ বলেন, ‘ওদের (সতীর্থদের) বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। আমার সমর্থকদের অনুভব করি। আমার পরিবারও কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর।’

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত চারবার টাইব্রেকার শুটআউটে দাঁড়িয়েছেন মার্টিনেজ। জিতেছেন চারটিতেই। এর মধ্যে মোট ১৮টি শট হয়েছে তার বিরুদ্ধে, ৯টিতেই প্রতিপক্ষ গোল করতে পারেনি। একটি ছিল পোস্টের বাইরে, বাকি আটটি রুখে দিয়েছেন মার্টিনেজ।

প্রতিদিন অনুশীলনে ৫০০ এর মতো শটের মুখোমুখি হন জানিয়ে এই আর্জেন্টাইন গোলরক্ষক আরও বলেন, ‘আমি এমন কিছুর জন্যই কাজ করি। প্রতিদিন অনুশীলনে আমি ৫০০ এর মতো শটের মুখোমুখি হই। চেষ্টা করি সব সময়ই ভালো অবস্থানে থাকতে। আমার দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চায়। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে আমি গর্বিত। একজন গোলকিপার হিসেবে ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই।’ 

ইত্তেফাক/জেডএইচ