বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৬:৫০

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দৈনিক কালবেলা প্রতিনিধি ও বরিশালের স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তম দাসের ওপর হামলার ঘটনায় আব্দুল আজিজ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আব্দুল আজিজ খান (৫৬) বাকেরগঞ্জ পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত জোনাব আলী খানের ছেলে।

অভিযুক্ত অপর আসামি পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের হাকিম খানের ছেলে শহিদ খান পলাতক রয়েছেন।
 
জানা গেছে, বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে উত্তমের ওপর হামলা চালায় অভিযুক্তরা। ঐদিন রাতেই উত্তম কুমার দাস দুইজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সত্যতা পায় ও পরের দিন রাতে সদর রোড এলাকা থেকে আজিজ খানকে গ্রেপ্তার করে। 

কালবেলার সাংবাদিক উত্তম কুমার জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনে তার মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেছন দিয়ে আসা একটা মাহিন্দ্রার ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়েন। ধাক্কার প্রতিবাদ করলে একপর্যায়ে মাহিন্দ্রার ড্রাইভার শহিদ খান ও আজিজ খানসহ অন্যান্যরা তার ওপর হামলা করে। তার চিৎকারে স্থানীয়রা উত্তমকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছি। অভিযান অব্যাহত।

ইত্তেফাক/পিও