রাতেই শেষ হচ্ছে ইউরোর কোয়ার্টার পর্ব

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:৪০

ফুটবল জ্বরে ভুগছে গোটা ইউরোপ। ফিফা বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় আসর বলা হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে। একের পর এক হাইভোল্টেজ ম্যাচে মাতোয়ারা ফুটবল বিশ্ব। ইউরোপ থেকে লাতিন কিংবা এশিয়া সবখানে ছড়িয়ে পড়েছে এর রেশ। ২৪ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বাড়ি ফিরেছে মোট ১৮টি দল। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মাঠে  নামছে গেল আসরের রানার্সআপ ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। এছাড়াও অন্য ম্যাচে মাঠে নামছে ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও তুরস্ক। 

ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোলে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান জুড বেলিংহ্যাম। তবে গোল করার পর অশ্লীল অঙ্গভঙ্গির কারণে শঙ্কা ছিল কোনো শাস্তি পেতে যাচ্ছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বাধা নেই তার।

অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে সুইজরা। যার কারণে এই ম্যাচে বাড়তি সতর্ক থাকতে হবে ইংলিশদের। তবে অতীতের পরিসংখ্যান কথা বলছে ইংলিশদের পক্ষে। এর আগে মোট ২৭টি ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। সেসব দেখায় জয়ের পাল্লা ভারী ইংলিশদের।

গ্যারেথ সাউথগেটের শিষ্যদের ১৯ জয়ের বিপরীতে মুরাত ইয়াকিনের শিষ্যদের জয় মাত্র তিনটি ম্যাচে। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়। এছাড়াও ১৯৮১ সালের পর ইংলিশদের বিপক্ষে কোনো ম্যাচে জয়ের স্বাদ পায়নি সুইজরা। যার কারণে বলা যায় এই শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে সুইজারল্যান্ডকে দিতে হবে অগ্নিপরীক্ষা।

অন্যদিকে আজ রাত ১টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক। শেষ ষোলোর ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ডাচরা। এছাড়াও উড়তে থাকা অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে তুরস্ক। তাই বলা হয়, এই ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এই দুই দলের অতীতের পরিসংখ্যানও তাই বলে।

এর আগে সবমিলিয়ে মোট ১৪ বার দেখা হয় এই দুই দলের। যেখানে ডাচদের চার জয়ের বিপরীতে তুর্কিদের জয় চারটি ম্যাচে। বাকি চারটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এছাড়াও সবশেষ তিন খেলায় নেদারল্যান্ডসের ১ জয়ের বিপরীতে তুরস্কের জয় দুটি ম্যাচে।

ইত্তেফাক/জেডএইচ