মোদির রাজ্য সফরে রাহুল, বললেন গুজরাটেও এবার হারবে বিজেপি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:৩১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট সফরে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দলের নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি রাজকোট গেম জোন দুর্ঘটনা, মোরবি ব্রিজ এবং সুরাত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন। সব জায়গাতেই তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন।

রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস গুজরাটে বিজেপিকে হারাতে যাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কংগ্রেসের কর্মীদের কাছে ভয় না পেতে আহ্বান জানান।

এবারের গুজরাট সফরে রাহুল গান্ধীর হাতিয়ার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অযোধ্যায় তথা ফৈজাবাদে বিজেপি প্রার্থীর হার। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, বিজেপির পুরো আন্দোলন ছিল রামমন্দির এবং অযোধ্যার জন্য। লালকৃষ্ণ আদবানি রথযাত্রার  মাধ্যমে তা শুরু করেছিলেন। আর নরেন্দ্র মোদি সেই রথযাত্রায় আদবানিকে সাহায্য করেছিলেন। লোকসভা ভোটে আগে সেই রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী স্বয়ং। 

তারপরেই তিনি বলেন, এত কিছুর পরেও অযোধ্যা থেকে বিজেপির নয়, ইন্ডিয়া ব্লকের এমপি লোকসভায় গিয়েছেন। এ ব্যাপারে তিনি অযোধ্যা তথা ফৈজাবাদের এমপির কথা উল্লেখ করেন। রাহুল বলেন, অবধেশ প্রসাদ নির্বাচনের আগে বলেছিলেন, তিনি অযোধ্যা থেকে নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন এবং জয়ীও হবেন।

রাহুল গান্ধী বলেন, অযোধ্যার এমপি তাকে বলেছেন, সেখানকার মানুষ বলেছেন, মন্দির তৈরির জন্য জমি নেওয়া হয়েছে। অনেক দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সরকার মানুষকে আজ পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি। অযোধ্যায় কৃষকদের কাছ থেকে জমি নিয়ে বিমানবন্দর করা হলেও, ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই আগামীতে বিজেপির হাতছাড়া হবে গুজরাট, এমন আশা ব্যক্ত করেন রাহুল গান্ধী। তিনি বলেন, এই রাজ্যে বিজেপিকে শিক্ষা দেওয়া হবে এবং সেখানে দলের সরকার গঠনের স্বপ্নও দেখান রাহুল গান্ধী। 

ইত্তেফাক/এসআর