খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন, বললেন চিকিৎসক

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৩:৩৭

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা–সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

চিকিৎসক জাহিদ হোসেন আজ বেলা পৌনে ১২টার দিকে বলেন, হৃদযন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ইত্তেফাক/এনএ