নাটোরের গুরুদাসপুর অভিযান চালিয়ে ৫৬৫ লিটার চোরাই মদ জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকা থেকে মদসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মিল্কি পূর্ব ধানোড়া গ্রামের মৃত সঞ্চা পাহানের ছেলে শ্রী রহিম পাহান (৪০), একই গ্রামের উপেন পাহার স্ত্রী শ্রী মিনতি রানী (৩৫) এবং স্বপন পাহানের ছেলে শ্রী দিলীপ পাহান (২০)।
পুলিশ জানায়, সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকার একটি বাড়ি থেকে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করে পুলিশ। মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন বলেন, প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

