দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এরমধ্য দিয়ে দুই মাস পর এই বাজারে হাজার কোটি টাকা লেনদেন হলো। এদিন ডিএসইর মূল্যসূচকেরও বড় উত্থান হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
বাজারসংশ্লিষ্টরা বলেছেন, ঈদের পর বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। এ সময় সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে। ফলে গত সোমবার বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার একটা প্রবণতা ছিল। এতে অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর কমে যায়; কিন্তু গতকাল ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা পার হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৪ দশমিক ৬৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৩ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৪ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫১ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ৭ মের পর ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্গে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো : সি পার্ল বিচ রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, বিচ হ্যাচারি, স্যালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিস, ওরিয়ন ফার্মা, ফারইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং সেন্ট্রাল ইনসিওরেন্স।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৭৭টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৯ কোটি ৪৭ লাখ টাকা।
