সরকারি চাকরিতে থেকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের একাংশ অবরোধ করে তারা। এর প্রায় ঘণ্টা-খানেক পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় সড়কের ওপর অবস্থান নেয় তারা। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, দাবি আদায় না হলে যদি আরও কঠোর কর্মসূচি দেওয়া হয়, আমরা মাদারীপুর জেলা সেখানে অংশ নিবো। আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই।
মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, আমাদের একটাই দাবি, যে করেই হোক, কোটা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিকে চাকরিতে অংশ নিতে হবে। দাবি আদায়ে মাদারীপুর জেলার সব কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেবে।
