মাদারীপুর শহরের শকুনি মৌজায় মিউজিয়ামের দক্ষিণ পাশে সরকারি জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে ।
বুধবার (১০ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু। আইন-শৃঙ্খলা বাহিনী হিসেবে জেলা পুলিশ অভিযানে সহোযোগিতা প্রদান করে। উচ্ছেদকৃত জমির বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।
মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যেখানে বা যারাই এভাবে সরকারি জমি জবর দখল করবেন, সেখানেই আমাদের অভিযান চলবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি সম্পদ রক্ষা করা হয়েছে। যেখানে দখল হবে, সেখানেই উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
