মুশফিকুল ফজল আনসারীর প্রশংসায় মিসবাহ সিরাজ

আপডেট : ১১ জুলাই ২০২৪, ২২:০৫

জাতিসংঘ ও হোয়াইট হাউসে সাংবাদিক হিসেবে ভূমিকা রাখায় মুশফিকুল ফজল আনসারীর প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার (৮ই জুলাই) সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিক আনসারীর এ ভূয়সী প্রশংসা করেন। তার বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যুক্তরাজ্যের সাংবাদিক ইব্রাহিম খলিল বাংলাদেশ সফরে আসায় সিলেটের সাহিত্য সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ওই অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে কথা বলেন।

আওয়ামী লীগ নেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সে সেখানে ভূমিকা পালন করে যাচ্ছে। সেখানে ইউএসএ’র জাতিসংঘে যেভাবে প্রশ্ন করে; রাষ্ট্রকে ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য শক্তিশালী ভূমিকা রাখে। আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলে।’ 

মিসবাহ সিরাজ বলেন- ‘সাহসিকতার সঙ্গে এতো উপরে গিয়ে মুশফিক আনসারী ভূমিকা পালন করছে। সে কোন দলে থাকে, কোন সরকার, সে কী করবে না করবে এটা তার ব্যাপার। এই যে সাহসিকতা, এই সিলেট প্রেস ক্লাব থেকে, সিলেটের ডাক থেকে যারা যায়, সারা দুনিয়ায় তারা ছিটিয়ে আছে। আমি মনে করি তারা আরো উপরে যাক, আরো ভালো ভূমিকা রাখুক। এটা আমাদের প্রত্যাশা।’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও লেখক-সাহিত্যিক সেলিম আউয়াল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, মূলত যুক্তরাজ্যের সাংবাদিক ইব্রাহিম খলিলকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে সম্মানিত অতিথি হিসেবে মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়াও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এপিপি শামসুল ইসলাম ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। সিলেটের ডাক’র সাংবাদিক কাউছার চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিলে ভূমিকা রাখায় ইব্রাহিম খলিলকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বর্তমান সরকারের শাসনের সময় টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে তাকে আর কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি। বর্তমানে সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতা হিসেবে তিনি পরিচিত। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তিনি জাস্ট নিউজ বিডি ডট নেটের প্রধান সম্পাদক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সাংবাদিক হিসেবে জাতিসংঘ ও হোয়াইট হাউসে সাংবাদিক হিসেবে তিনি প্রতিনিধিত্ব করছেন।

ইত্তেফাক/এনএন