মানুষজন আমার মৃত্যুকামনা করছে: সুশান্ত পাল

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২১:০৮

সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেশে আজকাল অনেকেই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়েছেন। তাদেরই একজন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা সুশান্ত পাল। শিক্ষার্থীদের কোটাব্যবস্থার সংস্কার আন্দোলন ও পিএসসির প্রশ্নফাঁস ইস্যুতে দেশ যখন উত্তাল, ঠিক তখন সুশান্ত পাল ফেসবুকে এক স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন ‘তোমরা এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক না থাক।’ তার আগে আরেক পোস্টে সুশান্ত জানান, মানুষজন তার মৃত্যুকামনা করছে।

শুক্রবার (১২ জুলাই) সুশান্ত পাল স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘কারও দ্বারা উপকৃত না হলে বাঙালি কি আর তার ক্ষতি করতে চায়? কয়েকটি গ্রুপে দেখলাম, লোকজন আল্লাহর কাছে আমার মৃত্যুকামনা করে পোস্ট দিচ্ছে। ইসলাম বা অন্য কোনো ধর্ম এ ধরনের প্রার্থনা কোনোভাবেই সমর্থন করে না, তবুও ওদের পাশে অনেকেই আছেন দেখলাম। এমন অধার্মিক-মাতাল-অকৃতজ্ঞ-মাস্তান টাইপের লোকজন আমলা হলে দেশের কী হবে ভেবে দেখেছেন? নিশ্চয়ই স্রষ্টা সঠিক সময়ে এর সুবিচার করবেন।’

এদিকে সুশান্ত পালের স্ট্যাটাসের কমেন্টবক্স ঘেঁটে দেখা গেছে, অনেকেই তার মৃত্যুকামনা করেছেন। জিএসটি ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপে লেখা হয়েছে, ‘আল্লাহ আবেদ কাকার মুখ দিয়ে সুশান্ত পালের নামটা বের করে উনাকে তোমার কাছে তুলে নাও।’

রনি সিং নামে একজন কমেন্ট করেছেন, ‘তোমরা ইনফ্লুয়েন্সাররা কোটাব্যবস্থার সংস্কার আন্দোলনে শামিল না হয়ে উল্টো তাদের বিপক্ষ নিয়েছ, যা খুব মর্মান্তিক। তোমার মতো ইনফ্লুয়েন্সার দেশে না থেকে ওপারে থাকাই সবার জন্য মঙ্গলজনক।’

আব্দুর রহমান নামে একজন কমেন্ট করে বলেন, ‘সুশান্ত পাল, তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি দেশ ও জাতির শত্রু।’

জান্নাত নামে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘কোটাব্যবস্থার সংস্কার আন্দোলনকারীদের অনুরোধ করছি, বিষাক্ত ভাইরাস সুশান্ত পালকে পিষে মেরে ফেলো।’

 সুশান্ত পাল

শুক্রবার কোটাব্যবস্থার সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে সুশান্ত পালের দেওয়া স্ট্যাটাস সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ট্যাটাস তিনি লেখেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তিনি আরও লিখেছেন, ‘এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।’

তিনি লিখেছেন, ‘আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে, আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

তবে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েও ক্ষান্ত হননি তিনি। কমেন্টে দিয়েছেন অনেকের রিপ্লাইও। ওই পোস্টেরই কমেন্টে সুশান্ত কোটা আন্দোলনকারীদের উদ্দেশে লেখেন, ‘তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না— কোটা থাক না থাক; আরে ভাই, প্রিলিমিনারিই তো পাস করতে পারবে না! লজ্জাশরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না।’

ইত্তেফাক/এনএ