শাকিরার গানের জন্য ফাইনালে লম্বা বিরতি, ক্ষুব্ধ কলম্বিয়া কোচ

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫:৪২

পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া। ফাইনালের মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ম্যাচের ‘হাফ টাইম শো’তে গাইবেন এই পপ তারকা। তাই হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। 

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কলম্বিয়ার কোচ বলেন, ‘আমরা এর আগে যখন এক মিনিট দেরিতে মাঠে গিয়েছি, আমাদের জরিমানা করা হয়েছে। বিরতিতে এখন গানের অনুষ্ঠান হবে। আমাদের ২০-২৫ মিনিট বাইরে থাকা লাগবে। এতে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, তারা ঝিমিয়ে পড়তে পারে। ড্রেসিংরুমে রিকোভারির জন্য ব্যবহৃত সময়ের মূল্য আমরা বুঝি।’ 

শাকিরার গান নিয়ে কোন আপত্তি নেই লরেঞ্জোর। তবে বিরতির সময় ১৫ মিনিট রাখার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।’

কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো।

এর আগে ফাইনালের হাফ টাইমে হতে যাওয়া এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছিলেন, ‘শাকিরা দক্ষিণ আমেরিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়। নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না। আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’ 

ইত্তেফাক/জেডএইচ