নতুন করে বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৮:৫১

মিয়ানমারের রাখাইনের মংডু শহর দখল করতে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এ ঘটনায় আবারও নতুন করে বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফের সীমান্ত শহর। সপ্তাহ জুড়ে থেমে থেমে ভেসে আসছে ওপারের মর্টার শেল বিস্ফোরণের শব্দ। 

এ বছরের শুরুতে রাখাইন রাজ্য দখল করতে আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বাহিনীসহ সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছিল। পরবর্তীতে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তের ওপারের রাখাইনের একাধিক সীমান্ত চৌকি ও সেনা ক্যাম্প দখল করে নেয় আরাকান আর্মি। এখন রাখাইনের মংডু শহরসহ বাকি সীমান্ত চৌকি দখল করতে আরাকান আর্মি হামলা চালাচ্ছে। 

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে এবং টেকনাফের ওপারের সংঘর্ষের কারণে এপারের সীমান্তের মানুষ আতঙ্কে দিন পার করছে। অপরদিকে নতুন করে গত ৪ দিনে দেড় শতাধিক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনা বাহিনীর সদস্য পালিয়ে টেকনাফের সাবরাং, নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে কোস্ট গার্ড ও বিজিবির সদস্যরা তাদেরকে হেফাজতে নেন।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়ের মুজিবুর রহমান জানান, নতুন করে সপ্তাহ জুড়ে মিয়ানমার থেকে ভেসে আসা বিস্ফোরণের বিকট আওয়াজে টেকনাফের সীমান্ত শহর কাঁপছে। 

টেকনাফ উপজেলার ইউএনও আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের চলমান সংঘাত থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা কঠোর অবস্থানে আছেন। 

 

 

ইত্তেফাক/এসএ