সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাহবাগসহ আশপাশের সড়কে জলকামানসহ বিপুল-সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।
আগের ঘোষণা অনুয়ায়ী সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করেছে। তার বক্তব্য প্রত্যাহারের প্রতিবাদে ও সরকারি চাকরিতে কেটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলবে। আজ দুপুর ২টায় বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ঢাবির বিভিন্ন হল ও সড়ক পরিদর্শন করবে।
পুলিশ জানায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে নেমে যানবাহন চলাচলে বাধা ও জন-দুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করবে।
এদিকে কোটা আন্দোলনের সমন্বয়ক মো. মাহিন গণমাধ্যমকে জানান, ‘আজ আমাদের আন্দোলন শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে। সেইসঙ্গে অতি দ্রুত সংসদে আইন তুলে কোটা সংস্কার পাস করতে হবে।’
