কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা ব্যবস্থা শেষ করেই আমরা আজকেই ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব।
সোমবার (১৫ জুলাই) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অর্ধশতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থীই আহত হয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ দুপুর থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
ছাত্রলীগের এ হামলায় আহত অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
