ইত্তেফাকের সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২:৫৪

দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জনি আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে। 

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় মুঠোফোনের মাধ্যমে এই প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।

জানা গেছে, গত ১৪ জুলাই রোববার সকালে দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সকালে সাব-রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিলে ঐ অফিসের নৈশ্য প্রহরী শাহজামাল বুধু সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক জনি আহমেদকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও রেজিষ্ট্রি অফিসে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে। এ ছাড়া তাকে চাঁদাবাজ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করে। 

ভুক্তভোগী জনি আহমেদ জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝে মধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। শাহজামাল বুধুর নিয়ামতপুর উপজেলার বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে নিজেকে দাবি করে। আমার কাছে ঘটনার সময়কার অডিও রেকর্ড করা আছে।

নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

ইত্তেফাক/পিও