কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এসব সড়কে। রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাব, মিরপুর ১০, মিরপুর ১৪, মেরুল বাড্ডা, যাত্রাবাড়ীর কাজলাসহ বিভিন্ন এলাকার রাস্তায় চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ।
সায়েন্স ল্যাব
দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এখানে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বিক্ষোভ করছে।
মহাখালী
মহাখালীতে দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে দুটি ট্রেন আটকে যায়।
মতিঝিল
বেলা একটার দিকে নটরডেম কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। অবরোধের কারণে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর
দুপুর সাড়ে ১২টা থেকে মিরপুর ১৪ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে দুইদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুরে ১০ নম্বর গোল চক্করে বেলা ১১টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি (বিইউবিটি), মিরপুর কমার্স কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, ভাসানটেক সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। শিক্ষার্থীরা চার দিকের সড়ক বন্ধ করে দেয়।
উত্তরা
উত্তরার হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত মারিয়াম, উত্তরা, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
যাত্রাবাড়ী
যাত্রাবাড়ী এলাকায় বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে দনিয়া কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে আশপাশের অন্যান্য শিক্ষার্থীরাও অংশ নেয়।
বাড্ডা
দুপুর ১২টার দিকে বাড্ডা ও ভাটারার এলাকায় ইউআরইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডার নতুন বাজার এলাকায় আসে। তারা সড়ক অবরোধ করলে যানবাহন চালাচল বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিনগর মোড়
বেলা দেড়টার দিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের কয়েকশ ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে শন্তিনগরে মোড়ে অবস্থান নেয়। সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রগতি সরণি
প্রগতি সরণিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী সকালে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেয়। এতে প্রগতি সরণি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
