সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সড়ক-মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখে তারা।
বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা মেধা দিয়েই সমাজ গড়তে চাই, প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবিগুলো না শুনেই, সব শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করে দিলেন। সারাদেশে কোটা সংস্কারপন্থী ৬ জন মারা গেছেন, তাদের তো কোনো অপরাধ ছিল না। আমরা কোটা বিলুপ্ত চাই না, সংস্কার চাই। রাতের আঁধারে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের ওপর হামলা ও নিরপরাধ ছাত্রদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ও পুলিশ। আমরা এর দৃষ্টান্তমুলক বিচার চাই।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সরকার বা মুক্তিযুদ্ধের বিরোধী নই, সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আন্দোলন চালিয়ে যাবো।
