‘স্বপ্নের ক্লাবে আসতে পেরে আমি খুশি’

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:৫৫

১৬ জুলাই ২০২৪। এই দিনটা হয়তো সারাজীবন মনে রাখবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কেননা এমন একটি দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। প্রতি বছর মৌসুম শেষে গুঞ্জন ওঠে স্বদেশী ক্লাব ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। তবে পিএসজি না ছাড়াতে সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। তবে গতকাল সেই স্বপ্ন পূরণ হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকের সামনে এই ফরাসি তারকাকে বরণ করে নেয় বিশ্বের অন্যতম এ ক্লাবটি। 

দর্শক-সমর্থকদের কাছ থেকে পেলেন মধুর অভ্যর্থনা। এমন অভ্যর্থনা দেখে এমবাপ্পে নিজে হয়ে পড়েন আবেগপ্রবণ। দর্শকদের উদ্দেশে হাত বাড়িয়ে দেন সমর্থনের প্রতিদান। জানিয়েছেন, নিজের স্বপ্নের ক্লাবে আসতে পেরে খুশি তিনি। সেই সঙ্গে ফরাসি হয়েও কথা বলেছেন স্প্যানিশ ভাষায়। অভ্যর্থনায় উপস্থিত ছিলেন এমবাপ্পের বাবা-মা ও সাবেক ফরাসি ও রিয়াল মাদ্রিদের তারকা জিনেদিন জিদান। স্প্যানিশ ছাড়ায় এমবাপ্পে বলেন, ‘সবাইকে হ্যালো। আমি স্প্যানিশ ভাষায় কথা বলার চেষ্টা করছি। এখানে থাকা অবিশ্বাস্য। আমি অনেক বছর ধরে এমন দিনের স্বপ্ন দেখেছি, আমি আজ খুবই খুশি। আমার স্বপ্নের ক্লাব ও বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে থাকতে পেরে আমি খুব খুশি।’ 

ফরাসি ক্লাব পিএসজিতে ৭ নম্বর জার্সি পরে খেললেও রিয়াল মাদ্রিদে তিনি খেলবেন ৯ নম্বর জার্সি পরে। কেননা রিয়ালে ৭ নম্বর জার্সি পরে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। 

মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে নিয়ে এমবাপ্পে

এছাড়াও এই ফরাসি তারকা রিয়াল মাদ্রিদের ডেরায় ভেড়ানো ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানাতে চাই। তিনি শুরু থেকেই আমার ওপর বিশ্বাস রেখেছেন। অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই।’

সমর্থকদের উদ্দেশে এমবাপ্পে

অন্যদিকে তাকে অভিনন্দন জানাতে বার্নাব্যুতে আসা দর্শকদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘আমি সবসময় এই স্বপ্ন দেখেছি। আমি মাদ্রিদিস্তাসকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে। আমি তাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই, আজ এখানে থাকাটা আমার কাছে অর্থ বহন করে।’

নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে এমবাপ্পে

এমবাপ্পে তার নতুন স্বপ্নে তিনি বলেন, ‘এখন আমার স্বপ্ন হলো বিশেষ কিছু অর্জন করা। বিশ্বের সেরা ক্লাবের প্রত্যাশা ও মান পূরণ করা। আমি এই ক্লাবের জন্য আমার সর্বোচ্চটা দেব।’

শিশুদের প্রতি এমবাপ্পের বার্তা

শুধু বয়োবৃদ্ধ নয়, এই ফরাসি তারকাকে স্বাগত জানাতে বার্নাব্যুতে এসেছে অনেক শিশু। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আজ এখানে অনেক শিশুকে দেখছি। তাদের উদ্দেশে একটি উপদেশ আছে। আপনার স্বপ্নকে সত্যি করার জন্য যতটা সম্ভব চেষ্টা করুন, আজ আমি এখানে, একদিন এটি আপনারও হতে পারে।’

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে স্বাগত জানিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘প্রিয় কিলিয়ান, আপনি এখানে আছেন। রিয়াল মাদ্রিদে আপনাকে স্বাগত এবং আপনার স্বপ্ন অর্জনের জন্য অভিনন্দন। আমি খুব ভালো করেই জানি আপনি ও আপনার পরিবার কতটা রোমাঞ্চিত। আপনি এখানে ছিলেন যখন আপনার বয়স ১৩ বছর ছিল। তখন আমরা দেখেছিলাম আপনার চোখ কেমন ঝকঝকে। আপনি সবসময় মনে রাখবেন ডিসেম্বর ২০১২-এর সেই দিনটি যখন জিদান আপনাকে রিয়াল মাদ্রিদ সিটিতে আমন্ত্রণ জানায়, সেই খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য যাদের আপনি অনেক প্রশংসা করেছিলেন।’ 

সেই সঙ্গে রিয়ালের এই নতুন তারকাকে নিয়ে রিয়াল বস আরো বলেন, ‘আপনি আপনার স্বপ্ন অর্জন করেছেন, কারণ আপনি কখনো হাল ছেড়ে দেননি। আপনি সব প্রতিকূলতা অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এমন একটি প্রচেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ যা অনেকেই কল্পনাও করতে পারে না।’

ইত্তেফাক/জেডএইচ