পাবনায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি করেছে স্থানীয় ছাত্রলীগ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ৫টি মোটর সাইকল ভাঙচুর করা হয়। এদিকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা শহর প্রদক্ষিণ করে আবারও এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন। এরপর শিক্ষার্থীরা ডিগ্রি বটতলা মোড়ের দিকে রওনা হলে ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় তাদের ফেলা যাওয়া ৫টি মোটরসাইকেল ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে আসে। পরে তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু জরুরি যানবাহনকে নিজেদের পাহারায় পার করে দিতে দেখা গেছে।
এদিকে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।
