ট্রাম্পকে হত্যাচেষ্টা

পদত্যাগ করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১০:১৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক কিমবার্লি চিটল।

কংগ্রেস কমিটির কাছে কিম্বারলি স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ ছয় ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। তবে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এ প্রেসিডেন্ট। 
 
রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর হামলার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন। এর একটু পরই তাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছিল; মুখমণ্ডলেও ছিল রক্ত।
 
সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সিক্রেট সার্ভিস সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ পরে পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয়  ট্রাম্পকে। সেখান থেকে নেয়া হয় স্থানীয় হাসপাতালে। 

ইত্তেফাক/এএইচপি