সিলেটসহ সারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের চারটি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩১৭ জন বিদেশি শিক্ষার্থী সিলেট ছেড়েছেন।
ভারতীয় ও নেপালি ৭১ জন গত রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছেন। এর আগে শুক্রবার (১৯ জুলাই) ৯১ জন এবং শনিবার (২০ জুলাই) ১৫৫ জন দেশে ফেরেন একই পথে।
সার্বিক পরিস্থিতিতে ও ইন্টারনেট সংযোগ না থাকায় শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ না করতে পারায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। এতে তাদের অভিভাবকরা ভারতীয় সহকারী হাইকমিশন সিলেট অফিসে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিজ দেশে পাঠানোর অনুরোধ করেন। তাদের অনুরোধে ভারতীয় সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ সিলেট অফিসে এগিয়ে আসে। সিলেটে পড়াশুনা করতে আসা বিদেশি শিক্ষার্থীদের তাদের দেশে ফিরতে সিলেটের প্রশাসন, পুলিশ, ভারতীয় সহকারী হাইকমিশন অফিস সিলেট, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বাংলাদেশের কাস্টমস- ইমিগ্রেশন ও বিজিবি এবং ভারতীয় কাস্টমস- ইমিগ্রেশন ও বিএসএফ সার্বিক সহায়তা করেছে। এছাড়া আরো কয়েক জন ভারতীয় ও নেপালি ছাত্র সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে গেছেন।
ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি সংবাদমাধ্যমকে জানান, সিলেটে পড়তে আসা ভারতীয় ও নেপালি শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ও নেপাল যাওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি।
