অরাজক পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ১৮ জুলাই থেকে হেলিকপ্টার/বিমানের মাধ্যমে রেসকিউ মিশন, ফায়ার বাকেট মিশন, ট্রুপস মিশন সম্পন্ন করে এবং দ্রুততম সময়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনা-নেওয়া নিশ্চিত করছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হেলিকপ্টারযোগে ঢাকা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণ করে নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তী সময় চলমান পরিস্থিতিতে বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। এছাড়া যাবতীয় উদ্ধারকাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ইতিমধ্যে নাশকতামূলক অগ্নিকাণ্ডে আক্রান্ত সেতুভবন, বিটিভি ভবন ও অন্যান্য স্পর্শকাতর স্থাপনায় অগ্নিনির্বাপণের জন্য প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ নৈশকালীন ফায়ার বাকেট অপারেশন পরিচালনাসহ বিআরটিএ মিরপুর, ধানমন্ডির সাইন্সল্যাবে সংঘটিত অগ্নিনির্বাপণে ফায়ার বাকেট অপারেশন পরিচালনা করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর ইউএভির মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর পর্যবেক্ষণ মিশন চলমান রয়েছে।
দেশের অভ্যন্তরীণ বিমান বন্দরসমূহের সার্বিক নিরাপত্তার নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সহায়তার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর কুইক রিএকশান ফোর্স এবং এন্টি টেরিজম ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরেও একই রূপে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া, এই উদ্ভূত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিমান চলাচল পরিচালনার জন্য দেশের অন্যান্য বিমান বন্দরগুলোতে বিমান বাহিনীর এয়ার ট্রাফিক কন্ট্রোলারগণ ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এবং তদসম্পর্কিত যে কোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ 'এয়ার কমান্ড অপারেশন সেন্টার'- এর আওতাধীন একটি 'কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র' চালু করা হয়েছে এবং কেন্দ্রটিতে দিন-রাত ২৪ ঘণ্টা বিমান বাহিনীর সদস্যগণ কর্তব্য পালন করছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সব সদস্য যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
-আইএসপিআর
