বাংলাদেশে টেলিযোগাযোগ বিঘ্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬:০২

বাংলাদেশে টেলিযোগাযোগ সেবায় অবিরাম বিঘ্ন ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তাদের উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, বালাদেশজুড়ে চলমান টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতি সেখানকার আমেরিকান নাগরিকসহ দেশটির জনগণের গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার সীমিত করে দিচ্ছে।

এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় উদ্বেগ প্রকাশ করে বলে জানিয়ে মিলার বলেন, অন্যান্য দেশেও তারা এর বিরুদ্ধে কথা বলেছেন এবং বাংলাদেশের ক্ষেত্রেও তারা এর বিরুদ্ধে কথা বলছেন।

এর আগে মিলার বলেন, তারা 'শান্তিপূর্ণ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ' সমর্থন করে, কিন্তু সব ক্ষেত্রেই তা শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। তারা বাংলাদেশের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।

এদিকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার। পুরোপুরি ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে এখনও কাজ চলছে।

ইত্তেফাক/জেডএইচডি