চুরি করতে গিয়ে কিছু না পেয়ে উল্টো টাকা দিয়ে গেলো চোর!

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২১:৫০

চুরি করতে গিয়ে কিছুই না পেয়ে টেবিলের ওপর ২০ রুপির নোট রেখে গেছে চোর। এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা এখন সামাজিকমাধ্যম এক্স-এ ভাইরাল। অদ্ভুত এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার মহেশ্বরম এলাকায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা চোরটি বাড়িতে ঢুকে কোনো টাকা না পেয়ে হতাশ হয়ে পড়ে। সে টেবিলে ২০ রুপি রেখে ফ্রিজ থেকে একটি বোতল নিয়ে চলে যায়।

এই ভিডিওটি শেয়ার করেছেন এনডিটিভির সাংবাদিক উমা সুধীর। তিনি লিখেছেন, মুখ ঢেকে একটি বাড়িতে চুরি করতে এসে, মহেশ্বরম রাঙ্গারেড্ডি জেলার তেলেঙ্গানায় চোরটি সিসিটিভি ক্যামেরার সামনে হতাশা প্রকাশ করে বাড়িতে কোনো নগদ টাকা নেই বলে; সে টেবিলে ২০ রুপি রেখে ফ্রিজ থেকে একটি বোতল নিয়ে চলে যায়!!

এই ভিডিওটি প্রায় ৯০ হাজার ভিউ পেয়েছে। নেটিজেনরা ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ভাই মনে করেছে, যে বাড়িতে সিসিটিভি আছে কিন্তু নগদ টাকা নেই তাই তারা গরিব!

অপর একজন মন্তব্য করেছেন, ‘খুব দয়ালু চোর।’

তৃতীয় আরেকজন প্রশ্ন করেছেন, ‘রান্নাঘরে ক্যামেরা কেন? সে কীভাবে জানলো যে রান্নাঘরে ক্যামেরা আছে?’

সম্প্রতি নোইডার সেক্টর ২৫-এ একটি চক্র ৩ লাখ রুপি মূল্যের গয়না চুরি করে। পরে তারা সেক্টর ৮৩-এ অপর একটি বাড়িতে পাকোড়া রান্না করে বিশ্রাম নিয়েছে। চোররা সেখানে বিড়ি খেয়েছে, পানি পান করেছে এবং বাথরুমে পানের পিক ফেলে গেছে।

ইত্তেফাক/এনএন