প্যারিস অলিম্পিক শুরু আগেই বিতর্কের জন্ম দেয় কানাডা নারী ফুটবল দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। সে ঘটনায় কানাডাকে বড় শাস্তি দিয়েছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে কানাডার। সেইসঙ্গে তিন কোচকে এক বছরের জন্য করা হয়েছে নিষিদ্ধ। এখানেই শেষ নয়, কানাডিয়ান ফুটবল ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১১১ টাকা।
শনিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ফিফা। বিবৃতিতে কানাডিয়ান মেয়েদের প্রধান কোচ বেভ প্রিস্টম্যান, সহকারী কোচ জেসমিন মান্দার ও বিশ্লেষক জোসেফ লোমবার্ডিকে এক বছরের নিষিদ্ধের কথা জানানো হয়।
ড্রোন চালিয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ ওঠার পরই কানাডার কোচ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে দেশটির সকার অ্যাসোসিয়েশন। প্রিস্টম্যানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দলটির কোচিংয়ে ছিলেন অ্যান্ডি স্পেন্স। অন্তবর্তীকালীন এই কোচের অধীনে কানাডা ২-১ গোলে হারিয়েছে কিউই মেয়েদের।
৬ পয়েন্ট কাটা যাওয়ায় অলিম্পিকে টিকে থাকা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো কানাডার মেয়েদের জন্য। সেক্ষেত্রে তাদের ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচের সবগুলোই জিততে হবে। তাহলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে তারা পরের রাউন্ডে যেতে পারবে। বর্তমানে তাদের পয়েন্ট মাইনাস ৩।
