কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন: মোস্তফা সরয়ার ফারুকী

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৮:০৩

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিবাদে বেশ সরব থাকতে দেখা গেছে। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর পোস্ট করেছেন তিনি। এরমধ্যে শনিবার বিকালে দেশের সরকারের উদ্দেশে ফারুকী কিছু বার্তা লিখেছেন। 

সরয়ার ফারুকী তার ফেসবুকে সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে লেখেন, ‘মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ।

এ রকম আরও বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন, অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই।’

তিনি আরও লিখলেন, ‘কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি! 

এসব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কী বলা হচ্ছে সেটাও দেখেন।’

‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

 

ইত্তেফাক/পিএস