গৌরীপুরে পুলিশের ওপর হামলা: সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হিরণ গ্রেপ্তার

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:৪৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) ভোর রাতে গৌরীপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ২০ জুলাই উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়। সংঘর্ষ চলার সময় কলতাপাড়া বাজারের তাল্লু স্পিনিং মিলে হামলা করে পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় আহত হন গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়সহ দু’পক্ষের অন্তত ৩০ জন।

এই ঘটনায় গৌরীপুর থানার এসআই অনিক ইসলাম বাদী হয়ে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে প্রধান আসামি করে ৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০/৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ছাড়াও ৩ জন নিহতের ঘটনায় গৌরীপুর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, বিএনপি নেতা হিরণকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নাশকতার মামলায় হিরণসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/পিও