ডোপ টেস্ট করে নাইজেরিয়ান বক্সার বরখাস্ত

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:২০

পুরো দমে চলছে প্যারিস অলিম্পিক। অংশগ্রহণকারীরা লড়ছে পদক জয়ের লক্ষ্যে। ইতিমধ্যে বেশ কিছু ইভেন্টে বিভিন্ন দেশের ঝুলিতেও পদক পুড়েছেন অ্যাথলিটরা। তবে এর মধ্যেই কিছু অংশগ্রহণকারীদের নিষিদ্ধ হতে হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ আসা অ্যাথলিটদের।

তার মধ্যে একজন নাইজেরিয়ান বক্সার সিনথিয়া ওগুনসেমিলোর। যদিও তিনি চলমান টুর্নামেন্টের প্রথম ডোপপাপী নন। এবারের প্রথম ডোপপাপী ইরাকের জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন। তাকে উদ্বোধনী অনুষ্ঠানের ঘণ্টা দুয়েক আগেই নিষিদ্ধ ঘোষণা করে আইটিএ। আর ওগুনসেমিলোর নিষিদ্ধের ঘোষণা আসে গতকাল।

প্যারিস অলিম্পিকে প্রথম লড়াইয়ের আগে নিষিদ্ধ পদার্থের জন্য পজিটিভ হওয়ায় ২২ বছর বয়সি নাইজেরিয়ার লাইটওয়েট বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদকজয়ী এবং আফ্রিকান গেমস এই চ্যাম্পিয়নের আগামীকাল রাউন্ড অফ ১৬ বাউটে তাইওয়ানের উ শিহ ইয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল।

যদিও এই নিষেধাজ্ঞার বিপরীতে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে সিনথিয়ার আপিলের সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি বি-নমুনা সংগ্রহ করে তা পুনরায় পরীক্ষা করারও অনুরোধ জানাতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে গেল  ‍বৃহস্পতিবার প্রতিযোগিদের ডোপিং টেস্টে আটকা পড়েন ওগুনসেমিলোর। ওগুনসেমিলোরের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং কোড এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যান্টি-ডোপিং নিয়ম অনুসারে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত অ্যাথলিটকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালীন অ্যাথলেটকে প্রতিযোগিতা, প্রশিক্ষণ, কোচিং বা কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।’

এর আগে প্যারিস অলিম্পিকে প্রথম ডোপপাপী হিসেবে আটকা পড়েন ইরাকের জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন। সাজ্জাদের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার সংবাদটি নিশ্চিত করে সাময়িক বরখাস্ত করেছে আইটিএ। তারও মঙ্গলবার দেশের হয়ে নামার কথা ছিল এ জুডোকারের। শেষ বত্রিশে ৮০ কেজি ওজন শ্রেণিতে উজবেকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সূচি ছিল তার। আপাতত তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক মামলা চলবে। অর্থাৎ ২৮ বছর বয়সি ইরাকের এ জুডোকাও প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও গেমস- সংক্রান্ত অন্য কোনো কার্যকলাপে অংশ নিতে পারবেন না। এছাড়া সাজ্জাদের পর ডোমিনিকার ভলিবল খেলোয়াড় লিসভের এ মেজাকেও সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ইত্তেফাক/এএম