অস্ট্রেলিয়ায় জয়ের সুবাস পেল বিসিবি এইচপি। আগের দিনের সুবিধাজনক অবস্থানে ছিল বিসিবি এইচপি। আজ (সোমবার) শেষ দিনে জয়ের জন্য ১৬০ রান প্রয়োজন ছিল পাকিস্তান শাহিনসের। অন্যদিকে ৬ উইকেট প্রয়োজন ছিল বিসিবি এইচপির। শেষ পর্যন্ত ৫ রানের রোমাঞ্চকর জয়ের দেখা পেয়েছে মাহমুদুল হাসানের দল।
ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বিসিবি এইচপি। জয়ের ভীত পেয়েছিল শাহিনদের প্রথম ইনিংসের শেষেই। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় জয়ের দল। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।
চতুর্থ দিনের শুরুতেই ওপেনার হাসিব উল্লাহকে আউট করেন রেজাউর। ৫১ রানে আউট হন এই পাক ওপেনার। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাহির ও ইউসুফ অবশ্য টিকে যাওয়ায় এইচপি দলের দুশ্চিন্তা বাড়তে থাকে। দুজন মিলে ৬৫ রান যোগ করে পাকিস্তানের দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু মাহমুদুল জয় আউট করে দুজনকেই। তাহির ৪৩ ও ইউসুফ ৪৫ রান করে থামেন।
শেষ ৩ উইকেট হাতে রেখে পাকিস্তান শাহীনসের দরকার ছিল ৬৬ রান। ৮ম উইকেটে ৫৭ রানের জুটি গড়ে মোহাম্মদ আলি ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকেও ফেরান মাহমুদুল জয়।
শেষ উইকেটে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ৯৪তম ওভারের দ্বিতীয় বলেই ফয়সাল আকরাম বোল্ড হলে পাকিস্তানের ইনিংস থামে ২৯০ রানে। তাতে ৫ রানের জয় নিশ্চিত হয় এইচপির। দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচে ৫ উইকেট নেন মাহমুদুল হাসান জয়।
