সেতু ভবনে হামলা: ৬ দিনের রিমান্ডে আসিফ মাহতাব ও আরিফ সোহেল

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৭:০২

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত-সমালোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাবি শিক্ষার্থী আরিফ সোহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৯ জুলাই) দুজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত দুজনেরই ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন

পাঠ্যবইয়ে ‘শরীফ ও শরীফা’র গল্পের পাতা ছিড়ে আলোচিত-সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গত শনিবার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ওই রাতেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক জাবি শিক্ষার্থী আরিফ সোহেলকে সাভারের বাসা থেকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। দুজনকেই ডিবি হেফাজতে নেওয়া হয়।

ইত্তেফাক/এনএ