সরকারকে চরমোনাই পীর

পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:২৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার উসকানিমূলক কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, তা পরিষ্কার ‘গণহত্যা’। এই হত্যার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 

গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

চরমোনাই পির বলেন, এই হত্যার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে। দেশবাসীর কাছে এজন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে নজিরবিহীন দমনপীড়নে শিশু-কিশোর, নারীসহ এখন পর্যন্ত দুই শতাধিক ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছেন, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও রক্তবহুল আন্দোলন আগে কখনো হয়নি। কোটা সংস্কার আন্দোলন প্রতিহত করতে গিয়ে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার ওপরে নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য ও স্বাধীন দেশের জনতার সঙ্গে এ ধরনের নির্মমতা চালানো যায় না।

ইত্তেফাক/এমএএম