‘স্যার শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল’

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৫:১৭

ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য হিসেবে বলিউড অভিনেত্রী জয়া বচ্চনকে রাজনৈতিক অঙ্গনে বেশ সরব থাকতে দেখা যায়। এছাড়াও হুটহাট মেজাজ হারানোর জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে রাগী আন্টি হিসেবেও তকমা রয়েছে তার। কারণ, এর আগে বহু কারণে জয়া বচ্চন মেজাজ হারানোর ঘটনা ঘটেছে। এবার সংসদে দাঁড়িয়ে মেজাজ হারালেন বর্ষীয়ান এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নাম বলার সময় তার নামের সঙ্গে তার স্বামীর নাম জুড়ে দেন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। 

জয়া বচ্চনের বদলে জয়া অমিতাভ বচ্চন বলায় তিনি সকলকে আরও একবার জানিয়ে দিলেন তার নিজের একটা পরিচয় আছে।

এদিন রাজ্য সভার সেশনে হরিবংশ জয়াকে ডাকার সময় বলেন, ‘শ্রীমতি জয়া অমিতাভ বচ্চন জি আসুন।’ তখনই জয়া উত্তরে বলেন, ‘স্যার শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল। কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হল অফিসিয়ালি তার কী নাম লেখা আছে।’

মেজাজ হারিয়ে জয়া বলেন, ‘এই যে নতুন সব ঢং হয়েছে যে নারীরা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন তাদের নিজেদের কোনও অস্তিত্ব নেই, নিজের উপলব্ধি নেই।’

এদিকে এর একটি ভিডিও প্রকাশ্যে আসার পর অধিকাংশ মানুষ জয়া বচ্চনের সমর্থনে কথা বলেছেন।

একজন লেখেন, ‘সাহসী’। আরেকজন লেখেন, ‘কিন্তু অমিতাভ বচ্চনের নামটা কেন যুক্ত করা হল? যদি উনি ওটা নিজে না যুক্ত করেন তাহলে কে করল?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘উনি কোনও অর্থেই ভুল নন। উনি নিজে একজন সফল অভিনেত্রী। আর সেটা বচ্চন হওয়ার আগেই। যা বলেছেন একদম ঠিক বলেছেন।’

 

ইত্তেফাক/পিএস