স্বাধীন বাংলাদেশ গঠনে ফুটবলারদের অসাধারণ ভূমিকা ছিল উল্লেখ করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, বাঘার ফুটবলে গতি এসেছে এবং তারা পূর্বের যে কোনও সময়ের চেয়ে এখন ভালো খেলা উপহার দিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাঘার সোনার খেলোয়াড়রা একদিন সোনার দেশ গড়বে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত খেলার মঞ্চে শাহরিয়ার আলম বলেন, ১৫ বছরে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এটি চক্রান্তকারীরা মেনে নিতে পারছে না, যার বাস্তবতা আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনে লক্ষ্য করেছি। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এর নেপথ্যে কারা রয়েছে তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। তিনি কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ ১ মিনিট নীরবতা পালন করেন।
বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে বাঘা পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করে। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ।
উক্ত খেলা ও পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন আহাম্মেদ বাপ্পী, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবলু দেওয়ানসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার-হাজার দর্শক।
খেলা পরিচালনা করেন মোমিনুল ইসলাম হিটলার, সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হানিফ ইকবাল ও রানা। খেলার ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আবু হানিফ ও বিপ্লব কুমার রায়। এর আগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম বাঘা অটিস্টিক (প্রতিবন্ধী) বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

