কোটা সংস্কার আন্দোলন

ঢাকায় নিহত পিবিআই কর্মকর্তার লাশ কবর থেকে উত্তোলন

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০০:৫৭

কোটা আন্দোলনে দুষ্কৃতকারীদের হামলায় নিহত নারায়ণগঞ্জ পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভুঁইয়ার লাশ ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআইয়ের উপপরিদর্শক আশরাফ জানান, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২১ জুলাই মৃত্যুবরণ করেন। তখন ঘটনার পারিপার্শ্বিকতায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়ি কালান্দর গ্রামে নিয়ে আসে। পরে পারিবারিক কবরস্থানে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার দিনা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে বলে উপপরিদর্শক আশরাফ জানান।

ইত্তেফাক/এনএন