মার্চ ফর জাস্টিস

যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ৬

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২১:০৩

যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পরে সেখান থেকে অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ | ছবি: ইত্তেফাক

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে এসে মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর শহরের ঈদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ ও ডিবি পুলিশ সদস্যরা এলোপাথাড়ি লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম নামের ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় | ছবি: ইত্তেফাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান জানান, বাধা দিয়ে, আটক করে আমাদের আন্দোলন প্রতিহত করা যাবে না। আমরা রাজপথে ছিলাম, থাকবো। 

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, আটককৃত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও আন্দোলনকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করেছে যশোর শহর জুড়ে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ইত্তেফাক/এসএ