চলে গেলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ গায়কোয়াড়

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৩:৩৮

মারা গেছেন ভারতের সাবেক ব্যাটার, কোচ ও নির্বাচক অংশুমান গায়কোয়াড়। ৭১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই সাবেক এই ক্রিকেটার। পেস বোলারদের বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক ছিলেন তিনি। যার কারণে ‘দ্য গ্রেট ওয়াল’ বলা হতো গায়কোয়াড়কে। 

বুধবার (৩১ জুলাই) নিজ শহর বারোদাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়কোয়াড়। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। মাসখানেক আগে লন্ডনে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেন গায়কোয়াড়। ভারতের হয়ে ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন তিনি। অবসরের পর জাতীয় দলের নির্বাচক এবং পরে কোচের দায়িত্বও পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনের পর দুই মেয়াদে ভারতের কোচ ছিলেন তিনি। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের কোচ ছিলেন গায়কোয়াড়। একই বছর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও খেলেছিলো তার অধীনে।

ইত্তেফাক/জেডএইচ